পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন মানুষের জীবন রক্ষায় যাঁরা এগিয়ে আসেন, তাঁদের এই মানবিক দায়িত্ববোধ সমাজের জন্য অনুপ্রেরণা। আজ সচিবালয়ে পরিবহন দপ্তরের উদ্যোগে আয়োজিত ‘রাহবীর’বা ‘গুড সামারিটান’কর্মসূচীতে তিনি একথা বলেন। সুশান্ত চৌধুরী বলেন মানবিকতার সবচেয়ে বড় পরিচয়—বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে তাঁর জীবন রক্ষায় সহায়তা করা শুধু দায়িত্ববোধ নয়, এটি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। অনুষ্ঠানে দুর্ঘটনাগ্রস্তদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ‘রাহবীর’ বা ‘গুড সামারিটান’ পুরস্কারপ্রাপকদের হাতে তাঁদের ২৫ হাজার টাকা পুরস্কার ও শংসাপত্র তুলে দেন পরিবহনমন্ত্রী। অনুষ্ঠানে কাজল দেবনাথ, প্রসেনজিৎ ভৌমিক, অশেষ দাস, খুরশিদ মিয়া, অজিত দাস, সত্যজিৎ কুমার শীল ও সত্যরঞ্জন দেবনাথ এবং লতিকা সিনহার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।