আবারও আগরতলা শহরে দিনদুপুরে গলার হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, একটি ইলেকট্রিক অটোতে থাকা দুই থেকে তিনজন দুষ্কৃতী পথ চলতি এক যুবতীর গলা থেকে প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনায় আক্রান্ত যুবতীর নাম পাপিয়া দেববর্মা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দিনের ব্যস্ত সময়ে আচমকাই ওই যুবতীর গলার চেইন টান দিয়ে ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। এরপর দ্রুত অটো নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। শহরের ব্যস্ত এলাকায় প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে যাত্রীবাহী ইলেকট্রিক অটো ব্যবহার করে ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বেড়েছে। ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।