মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার পৌরহিত্বে গতকাল ধলাই জেলায় জেলাশাসকের কার্যালয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্ত, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, সামাজিক ভাতা, সীমান্ত সুরক্ষা, আইন শৃঙ্খলা, পানীয়জল সহ বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ধলাই জেলায় জনকল্যাণে গৃহীত যে সমস্ত উন্নয়ন প্রকল্প রূপায়ণের কাজ চলছে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। পাশাপাশি প্রতিটি প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে গুণগতমান যাতে বজায় থাকে সে বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সচেষ্ট থাকতে হবে। তিনি বলেন, সরকারি সুযোগ সুবিধা যেন প্রান্তিক জনগণের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং স্বচ্ছতার সাথে পৌঁছায় সে বিষয়ে জেলাস্তরের আধিকারিকদের নিয়মিত তদারকি করতে হবে।