সরকারি পণ্য ও পরিষেবা ক্রয়ে Government e-Marketplace বা GeM-এর ধারাবাহিক ব্যবহারের স্বীকৃতি হিসেবে কেন্দ্রের কাছ থেকে বিশেষ সম্মান পেল ত্রিপুরা সরকার। অতি সম্প্রতি নয়াদিল্লির ভারত মণ্ডপমে GeM-এর ১০ম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে “GeM Sustained Adoption” বিভাগে ত্রিপুরাকে এই সম্মাননা দেওয়া হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল রাজ্যের হয়ে অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব ড. আকিঞ্চন সরকার, IAS-এর হাতে এই স্বীকৃতি তুলে দেন। সরকারি ক্রয়ে স্বচ্ছতা, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার প্রসারে ত্রিপুরার ধারাবাহিক উদ্যোগের স্বীকৃতি হিসেবেই এই সম্মানকে দেখা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য দপ্তরের সচিব রাজেশ আগরওয়াল, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন মন্ত্রকের সচিব এস. কৃষ্ণান এবং GeM-এর CEO মাহের কুমার-সহ বিশিষ্ট আধিকারিকরা। রাজ্য সরকার জানিয়েছে, আগামী দিনে বিভিন্ন দপ্তরে GeM-এর ব্যবহার আরও বাড়িয়ে সরকারি ক্রয় ব্যবস্থাকে স্বচ্ছ, দক্ষ ও জবাবদিহিমূলক করার উদ্যোগ অব্যাহত থাকবে।