বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি ও কার্যকলাপের প্রতিবাদে আজ আগরতলায় জেল ভরো আন্দোলনে সামিল হলেন হাজার হাজার বামপন্থী কর্মী-সমর্থক। শ্রমিক, কৃষকদের স্বার্থ সম্বলিত ১১ দফা দাবিতে বামফ্রন্টের আহ্বানে আয়োজিত এই জেল ভরো কর্মসূচিতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক জমায়েত হন। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার, সিপিআইএম-র রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, মানিক দে, নারায়ণ কর সহ অন্যান্যরা এই কর্মসূচীতে সামিল হন। আন্দোলনকারীদের আটকাতে পুলিশের পক্ষ থেকে একাধিক ব্যারিকেড তৈরি করা হয়। তবে বাম কর্মী-সমর্থকদের বিশাল জমায়েত ব্যারিকেডের সামনে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান। ঘটনাকে কেন্দ্র করে পোস্ট অফিস চৌমহনি সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে, আন্দোলনকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচলেও প্রভাব পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।