প্রয়াত ডিজিপিকে শ্রদ্ধা জানানোর পর মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, রাজ্যের আইন শৃঙ্খলার উন্নয়নে অনুরাগ ধ্যানকরের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। তিনি দায়িত্বে থাকার সময়ে রাজ্যের আইন শৃঙ্খলা দেশের মধ্যে গর্ব করার মত এক উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে। তাঁর মৃত্যু আরক্ষা দপ্তরের জন্য এক অপূরণীয় ক্ষতি। রাজ্য আরক্ষা দপ্তর ছাড়াও কেন্দ্রীয় সরকারের প্রদত্ত বিভিন্ন দায়িত্বে তিনি সফলতার সঙ্গে কাজ করেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সজ্জন ব্যক্তি। মুখ্যমন্ত্রী বলেন, প্রয়াত অনুরাগের সাথে গত ১৮ জুলাই শেষ কথাবার্তা হয়েছিল। তাঁর এই হঠাৎ মৃত্যুবরণ সম্পর্কে মনের ভাব প্রকাশ করার কোনও ভাষা নেই বলে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান। তিনি আরও বলেন, গতকাল তাঁর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যসচিব ও অন্যান্য সচিবদের নিয়ে তিনি পুলিশ সদর দপ্তরে ছুটে গিয়েছিলেন। সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, প্রয়াত অনুরাগের মৃত্যুর প্রকৃত তথ্য উদঘাটনের জন্য আইনানুগ সকল ব্যবস্থাই সরকার গ্রহণ করবে। তিনি এই কঠিন সময়ে প্রয়াত অনুরাগের পরিবার পরিজনদের প্রতিও গভীর সমবেদনা জানান।