ত্রিপুরা পুলিশের প্রয়াত মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল দেশের বহুল আলোচিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জালিয়াতি মামলার তদন্তে তাঁর ভূমিকা। সিবিআইয়ে কর্মরত থাকাকালীন তিনি নীরব মোদী ও মেহুল চোকসিকে ঘিরে কয়েক হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির তদন্ত তদারকির দায়িত্বে ছিলেন। আর্থিক অপরাধ, দুর্নীতি ও জটিল তদন্ত পরিচালনায় তাঁর দক্ষতা তাঁকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার অন্যতম অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করে। সিবিআইয়ে সুপারিনটেনডেন্ট অব পুলিশ , ডিআইজি, যুগ্ম পরিচালক এবং অতিরিক্ত পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। তদন্ত চলাকালীন দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়, প্রমাণ সংগ্রহ এবং মামলার অগ্রগতিতে তাঁর প্রশাসনিক ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়। পরবর্তীতে ত্রিপুরার ডিজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পরও মাদকবিরোধী অভিযান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আধুনিক পুলিশিং ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁর কর্মজীবনের এই সাফল্যগুলি একজন দক্ষ, সৎ ও পেশাদার আইপিএস কর্মকর্তা হিসেবে তাঁকে বিশেষ মর্যাদা এনে দেয়।