নিজেদের দীর্ঘদিনের দাবি-দাওয়া আদায়ের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন এনএলএফটি ও এটিটিএফ-এর ডাকা ১২ জুনের রাজ্যব্যাপী বন্ধকে ঘিরে রাজ্যে উত্তেজনা বাড়ছে। বন্ধ সফল করার লক্ষ্যে বুধবার থেকেই বিভিন্ন এলাকায় সমর্থক ও সদস্যদের জমায়েত হতে দেখা গেছে। আসাম-আগরতলা জাতীয় সড়ক সংলগ্ন বড়মুড়া হাতাইকতর, সুবল সিং এলাকা এবং মান্দাইয়ের ভৃগুদাস এলাকার রেললাইনের ধারে তাঁদের অবস্থান লক্ষ্য করা যায়। সংগঠনের নেতৃত্বের দাবি, পুনর্বাসন, চাকরি, আর্থিক সহায়তাসহ একাধিক প্রতিশ্রুতি দীর্ঘদিন বাস্তবায়িত না হওয়ায় তারা এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছে। তবে আন্দোলন শান্তিপূর্ণ থাকবে বলে জানিয়ে অ্যাম্বুলেন্স, দমকল ও পুলিশ প্রশাসনের যানবাহনকে বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে। জরুরি পরিষেবার যান চলাচলে বাধা দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। এদিকে বন্ধকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও কৌতূহল দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।