বাতিল হয়ে যাওয়া নিটের নতুন দিনক্ষণ প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। গত ৩মে দেশজুড়ে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হয়। কিন্তু প্রশ্ন ফাঁসের জেরে সেই পরীক্ষা বাতিল করা হয়। ঘোষণা করা হয়, নতুন করে ফের পরীক্ষায় বসতে হবে পড়ুয়াদের। সেই পরীক্ষার দিনক্ষণ এবার প্রকাশ্যে এসেছে। আগামী ২১ জুন দেশজুড়ে নিট পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে এনটিএ। আগেই এনটিএ জানিয়ে দিয়েছিল, নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য পড়ুয়াদের আর নতুন করে আবেদন করতে হবে না। আলাদা করে কোনও ফি দিতে হবে না পরীক্ষার জন্য। আগেরবার পরীক্ষার জন্য জমা করা অর্থও পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হবে। নতুন পরীক্ষার জন্য আবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে পরীক্ষার্থীদের। এনটিএ ওয়েবসাইট থেকে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড। তবে অ্যাডমিট কার্ড কবে থেকে মিলবে, তা এখনও জানা যায়নি।