মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন রাজ্যে ২০১৮-১৯ অর্থ বছর থেকে চলতি বছরের মে মাসের ৮ তারিখ পর্যন্ত ডাই ইন হারনেস সহ মোট ২০ হাজার ৯৬০ জনকে চাকুরী প্রদান করা হয়েছে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত স্নাতকোত্তর শিক্ষকদের নিয়োগ পত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। মুখ্যমন্ত্রী বলেন ২০১৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে ১হাজার ৪৭১ জন স্নাতকোত্তর শিক্ষক, ৪৪৪ জন স্নাতক শিক্ষক, ৮৮ জন স্পেশাল এডুকেটর, ১১৫ স্কুল লাইব্রেরিয়ান ও ১০৬ জন শারীরিক শিক্ষক নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান জেআর বিটির অধীনে মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে ১১৭ জন এলডিসি ও ৪৫০ জন মাল্টিটাসকিং স্তরে নিয়োগ করা হয়েছে। তিনি জানান রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করে চলেছে। প্রশাসনে স্বচ্ছতা ও গতি আনার লক্ষ্যে বিভিন্ন বিভাগে নতুন পদ সৃষ্টি করা হচ্ছে এবং পুরোনো পদ পূরণের উদ্যোগও নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব ডঃ মিলিন্দ রামটেকে, বুনিয়াদি শিক্ষা দপ্তরের অধিকর্তা রাজীব দত্ত বক্তব্য রাখেন। ৮৬৫ জনকে আজকে নিয়োগ পত্র প্রদান করা হয়।