আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করতে রবিবার উত্তর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে একগুরুত্বপূর্ণ নির্বাচন প্রস্তুতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার ডিজিপি অনুরাগ। বৈঠকে মূলত ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, উত্তর ত্রিপুরা জেলার এডিসি নির্বাচন এবং ঊনকোটি জেলার এডিসি নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রাই এবং ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর প্রমুখ। নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।