কোনও বাধা ছাড়াই ভারতের বুকে বয়ে যাবে রুশ তেল। শুক্রবার মার্কিন ‘রক্তচক্ষু’ উপেক্ষা করে এমনটাই ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, তেল-গ্যাস-কয়লার মতো জ্বালানি সরবরাহের ক্ষেত্রে রাশিয়া নির্ভরযোগ্য সরবরাহকারী। শুক্রবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে মোদির সঙ্গে বৈঠক করেন পুতিন। তারপর যৌথ বিবৃতি দেয় দু’পক্ষ। পুতিন বলেন, “ভারতের অর্থনীতি ক্রমশ বড় হচ্ছে। বাধাহীনভাবে রুশ তেল ভারতের বুকে বয়ে যাবে। তেল-গ্যাস-কয়লার মতো জ্বালানি সরবরাহের ক্ষেত্রে রাশিয়া নির্ভরযোগ্য সরবরাহকারী।” তিনি আরও বলেন, “দু’দেশের সম্পর্ক অত্যন্ত গভীর। আগামী দিনে বিশ্বের বিভিন্ন সমস্যা আমরা একসঙ্গে মোকাবিলা করব। দু’দেশের ভবিষ্যত যথেষ্ট উজ্বল।”