মাত্র তিনজন শিক্ষক-শিক্ষিকাকে নিয়ে কোনক্রমে টিকে আছে তেলিয়ামুড়া বিদ্যালয়ের পরিদর্শকের অধীন থাপিদয়াল উচ্চ বিদ্যালয়। এরপরেও সেই বিদ্যালয়ের এক শিক্ষিকার হঠাৎ বদলির নোটিশ জারি হতেই ক্ষোভে ফেটে পড়ল ছাত্রছাত্রীরা। শনিবার সকালে শিক্ষক বদলীর প্রতিবাদে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হল ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। তাদের অভিযোগ বিদ্যালয়টিতে বর্তমানে ৮৬ জন ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক সংখ্যা মাত্র তিন। এর মধ্যে একজন অভিজ্ঞ শিক্ষিকার বদলির খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থী ও অভিভাবক মহল। বিদ্যালয়ের গেটের তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন তারা। এরপরই শুরু হয় তেলিয়ামুড়া–ঘিলাতলী সড়ক অবরোধ। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। প্রায় এক ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।