ষষ্ঠীর বিকেল থেকেই উপচে পড়া ভিড় জমেছে ধর্মনগর শহরের বিভিন্ন পূজা মণ্ডপে। এদিন প্রশাসনের পক্ষ থেকে নো-এন্ট্রি জারি না থাকায় দূর-দূরান্ত থেকে গাড়ি করে অসংখ্য দর্শনার্থী ধর্মনগরে পূজা দেখতে আসেন। বিশেষত শহরের বিগ বাজেটের পূজাগুলো নতুনত্বে ভরপুর থিম ও গগনচুম্বী প্যান্ডেল নিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। এর মধ্যে নয়াপাড়া ক্লাবের এবারের থিম—পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি গগনচুম্বী প্যান্ডেল। প্যান্ডেল সাজানো হয়েছে বাহারি আলোকসজ্জায়, আর অধিকাংশ মণ্ডপেই পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহৃত হয়েছে। নয়াপাড়া ক্লাবের সদস্য মৃন্ময় নাথ জানান, এবারের তাদের পুজো ৪৩ বছরের। তাঁদের পুজোর বিশেষ আকর্ষণ হলো বিখ্যাত শিল্পী দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। তাছাড়া তাদের গোটা বছর লেগে থাকে বিভিন্ন সামাজিক কর্মসূচি।বৃষ্টিপাতের আশঙ্কা মাথায় রেখেই ষষ্ঠীর সন্ধ্যায় প্যান্ডেল উদ্বোধন করা হয়। এরপর থেকেই উচ্ছ্বাসভরে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন তাঁদের পূজা মণ্ডপে।