শনিবার গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হল তিপ্রা মথা দলের পার্টি অফিস। ঘটনা টাকারজলা বিধানসভার অন্তর্গত শান্তিনগর এডিসি ভিলেজ এর বাইচুক বাজারে। শনিবার সন্ধ্যার সময় তিপ্রা মথা দলের কর্মী সমর্থকরা কাজকর্ম শেষ করে পার্টি অফিস বন্ধ করে যে যার মত করে বাড়িতে চলে যায়। রবিবার সকালে তারা দেখতে পায় তাদের পার্টি অফিস রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা পুড়িয়ে দিয়েছে। খবর পেয়ে দলীয় কর্মী সমর্থকরা ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় চম্পকনগর ফাঁড়ি ও রাধানগর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এমডিসি গনেশ দেববর্মা সাব জোনাল চেয়ারম্যান শান্তনু দেববর্মা নেতৃত্ব শুকরাম দেববর্মা সহ অন্যান্যরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গুটা এলাকায়। ক্ষোভে ফুঁসছে দলীয় কর্মী সমর্থকরা। পুলিশ এবং নেতৃত্বরা কর্মী সমর্থকদের আশ্বস্ত করেছে তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে তাহলে এ কান্ড কে ঘটালো? পুলিশ দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে যে কোন সময় এলাকায় বড় ধরনের হিংসাত্মক ঘটনা ঘটে যেতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান।