স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আগরতলা শহরের জলাবদ্ধতা নিরসনে কভার ড্রেন নির্মাণ কাজ জোরকদমে চলছে। আজ বটতলা বাজার থেকে দশমীঘাট এলাকা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়র জানান, আগরতলা শহরকে জলাবদ্ধ অবস্থা থেকে মুক্ত করার জন্য পুর নিগম, স্মার্ট সিটি প্রকল্প এবং পূর্ত দপ্তর মিলিতভাবে একাধিক প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। বিশেষ করে শহরের খোলা ড্রেনগুলিকে কভার ড্রেনে রূপান্তর করার মাধ্যমে বর্ষার সময় জল বের করার পথ নিশ্চিত করা হচ্ছে। আসন্ন শারদীয়া দুর্গোৎসবের পর যেহেতু এই রাস্তা দিয়ে বিসর্জনের জন্য বিভিন্ন ক্লাব প্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে যান সেই কারনে এই রাস্তার কাজ খতিয়ে দেখতে তিনি এই এলাকা পরিদর্শন করেন। মেয়র বলেন আগরতলার নাগরিকদের স্বস্তি দিতে দশমীঘাট এলাকাসহ যেখানে এখনও ড্রেন ঢাকার কাজ শেষ হয়নি, সেখানে দ্রুততার সঙ্গে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। জলাবদ্ধতা রোধে ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শহরের ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হবে। এদিন মেয়রের সাথে ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।