বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কাঠামোয় বড় বদলের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মূলত মধ্যবিত্তের কথা ভেবেই জিএসটি কাঠমোয় পরিবর্তন আনা হয়েছে। সেকারণেই বেশিরভাগ খাবারের দাম কমবে। স্বাস্থ্য বিমা এবং জীবন বিমাতে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। ৩৩টি জীবনদায়ী ওষুধেও জিএসটি শূন্য করে দেওয়া হয়েছে। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রুটি, পনির, দুধের ক্ষেত্রে। এই খাদ্যপণ্যগুলিতে জিএসটি থাকছে না। অনুমান করা যায়, নতুন জিএসটি কাঠামোয় ১৭৫টি জিনিসের দাম কমতে পারে। ১৮ এবং ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ জিএসটি বসছে তেল, ঘি, মাখন, চিজ, নুডলস, চানাচুর, নিমকি, ভুজিয়া, বিস্কুট, পাস্তা, সস ইত্যাদির। অর্থাৎ এই খাদ্যপণ্যগুলির দাম কমবে। খাদ্যপণ্য ছাড়াও জিএসটি কমে ৫ শতাংশে দাঁড়াচ্ছে সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিম, বাসন, সেলাই মেশিন, ট্র্যাক্টর, কীটনাশক, কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে। কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে জিএসটি কমলে সবজির দামও কমবে। চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত একাধিক পণ্য যেমন থার্মোমিটার, মেডিক্যাল গ্রেড অক্সিজেন, টেস্ট কিট, গ্লুকোমিটার, চশমা-এগুলিতেও জিএসটি কমিয়ে পাঁচ শতাংশে আনা হয়েছে। মার্বেল, পাথর, চর্মজাত পণ্য, হ্যান্ডিক্রাফটসেও এবার জিএসটি কমে ৫%।