দিওয়ালির আগে দেশবাসীর জন্য বড় উপহার। করকাঠামোয় আমূল বদল। কেন্দ্রের প্রস্তাবে সায় জিএসটি কাউন্সিলের। নেক্সট জেনারেশন জিএসটি ছাড়পত্র পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দাবি করলেন, এই নয়া জিএসটি আসলে আমজনতা এবং ছোট ব্যবসায়ীদের মুশকিল আসান করবে। একই সঙ্গে ইজ অফ ডুয়িং বিজনেসের সূচকেও এগিয়ে দেবে ভারতকে। প্রধানমন্ত্রীর দাবি, “এই নেক্সট জেনারেশন জিএসটির ফলে আমজনতা, কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, মধ্যবিত্ত, মহিলা এবং যুবসমাজ উপকৃত হবে। এই বিরাট মাত্রার করকাঠামোর সংস্কারের ফলে আমাদের নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত হবে। ইজ ও ডুয়িং বিজনেস বাড়বে।” ওয়াকিবহাল মহলের ধারণা, জিএসটি কমিয়ে দেশের বাজারে চাহিদা বাড়ানোর লক্ষ্যেই জিএসটি কমালো মোদি সরকার। এর অন্যতম উদ্দেশ্য, আমেরিকার শুল্কবোমা সামাল দেওয়া।