বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তু হিন্দুদের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বড় ঘোষণা। এতদিন পর্যন্ত নাগরিকত্ব আইনের আওতায় আশ্রয় নেওয়ার জন্য ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর তারিখ পর্যন্ত সীমা বেঁধে দেওয়া ছিল। কিন্তু এবার সেই সীমা বাড়িয়ে ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ, বাংলাদেশ থেকে যাঁরা ২০২৪ সালের শেষ দিন পর্যন্ত ভারতে প্রবেশ করেছেন, তাঁরা এখন এই আইনের সুরক্ষার আওতায় আসবেন। খুব শিগগিরই তাঁরা কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে ভারতে বসবাসরত বহু উদ্বাস্তু পরিবার স্বস্তি পাবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলোতে বসবাসকারী উদ্বাস্তুদের কাছে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারের দাবি, এই উদ্যোগে উদ্বাস্তু পরিবারগুলোর নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত হবে এবং তাঁদের ভবিষ্যৎ প্রজন্মও ভারতের মূলস্রোতে যুক্ত হতে পারবে।