উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে শুধুমাত্র ত্রিপুরাতেই এডিসি এলাকা থেকে তিপ্রাসা মানুষদের উচ্ছেদ করে বাইরের লোকজনকে বসানো হচ্ছে—এমনই অভিযোগ তুললেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সোমবার সন্ধ্যায় ফেসবুক লাইভে তিনি বলেন, দামছড়ার রাংলংদের অনুমতি ছাড়াই তেল-গ্যাস কোম্পানির সঙ্গে সমঝোতা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, “মানুষ প্রতিবাদ করলে তাদের কি মারধর করা হবে, আইনের ভয় দেখানো হবে?”প্রদ্যুৎ কিশোর দাবি করেন, এডিসি এলাকায় মানুষকে ঘর থেকে উচ্ছেদ করে ভূমিহীন করা হচ্ছে। তিনি দলের এমডিসি ও এমএলএদের উদ্দেশে বলেন, “আমি কি আপনাদের টিকিট দিয়েছিলাম শুধু ঘরে বসে আইন পড়ার জন্য?” তাঁর অভিযোগ, বন্দুক আর আইনের ভয় দেখিয়ে জনজাতিদের অধিকার রক্ষা আন্দোলন থামানো যাবে না।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রদ্যুতের বক্তব্যে স্পষ্ট অভিযোগ না থাকলেও এতে জনজাতি মানুষের আবেগ প্রতিফলিত হয়েছে। প্রশাসন দ্রুত স্পষ্ট না করলে এডিসি এলাকায় অসন্তোষ আরও বাড়তে পারে এবং আগামী দিনে এটি রাজ্যের বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে।