আগরতলার দক্ষিণ জয়পুর পশ্চিমপাড়া এলাকায় এক অনন্য দৃশ্য দেখা গেল শনিবার। দীর্ঘ ৪০ থেকে ৪৫ বছর ধরে হাওড়া নদীর তীরে সরকারি জমিতে বসবাসকারী ১৯ পরিবার আজ পুর নিগম, এসডিএম, তহশিলদার ও পুলিশের উপস্থিতিতে সরকারি নোটিশ মেনে হাসিমুখে নিজেরাই ভেঙে দিলেন তাদের বসতঘর। অভিযান চলাকালীন নিগমের কর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পরিবারগুলির সক্রিয় অংশগ্রহণ ও শান্তিপূর্ণ মনোভাব দেখে প্রশাসনও খুশি হয়। উচ্ছেদ হওয়া পরিবারগুলির লোকজন জানান, এলাকার বিধায়ক তথা মেয়র তাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি স্থানীয় কাউন্সিলার নিতু দে গুহ প্রায় প্রতিদিনই খোঁজখবর নিচ্ছেন। ছোট শিশু, বৃদ্ধ ও মহিলাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে পরিবারের লোকজন জেলা শাসকের নিকট আবেদন জানিয়েছেন।