কৈলাসহরে আবারও ঠিকাদারী বাণিজ্যকে কেন্দ্র করে ছড়াল নাশকতার আগুন। গতকাল গভীর রাতে গৌরনগর ব্লকের কমিউনিটি হল সংলগ্ন টিএসআর ক্যাম্পের পাশে রাখা মাহি কনস্ট্রাকশনের একটি পেইভার ফিনিসার মেশিনে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতকারীরা। মেশিনটির একটি গুরুত্বপূর্ণ অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ঠিকাদার আব্দুল মান্নান জানান, কাজ শেষে নিয়মিতভাবেই নিরাপত্তার কারণে সেখানে গাড়িটি রাখা হয়। আগেও পাইতুরবাজার এলাকায় তাঁর আরেকটি গাড়ি একইভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল। অভিযোগ সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এবারও একইভাবে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তার। আব্দুল মান্নানের অভিযোগ, বারবার এমন ঘটনা ঘটলেও প্রশাসন নীরব। তদন্তে নেই কোনো অগ্রগতি, নেই কাউকে জিজ্ঞাসাবাদও। এমন অবস্থায় গোটা কৈলাসহরে ছড়িয়েছে আতঙ্ক ও ক্ষোভ।