বুধবার সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সুদীপ রায় বর্মনের সরকারি আবাসে হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন। তিনি বলেন, “এনাফ ইজ এনাফ। অনেক হয়েছে। মুখ্যমন্ত্রীকে এই পরিস্থিতি নিয়ে ভাবতে হবে।” জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, সম্প্রতিকালে একাধিক ঘটনায় দেখা গেছে, শাসক দলের বিরুদ্ধে কথা বললেই তাকে রক্তচক্ষু দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হচ্ছে। শুধু হুমকি নয়, সরাসরি সেই ব্যক্তি বা সংগঠনের উপর শারীরিক ও মানসিক আঘাত নামিয়ে আনা হচ্ছে। এই পরিস্থিতিকে গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর উল্লেখ করে তিনি বলেন, রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু অবশিষ্ট নেই। অবিলম্বে এই ধরনের রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করার দাবি জানান তিনি।