আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সরব প্রচার শেষ লগ্নে তেলিয়ামুড়ার কৃষ্ণপুরে রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতি! কংগ্রেস দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, রবিবার দলের পঞ্চায়েত সমিতি আসনে প্রতিদ্বন্দ্বিতা কারী ২ প্রার্থীর উপর শাসকদলের যুব সংগঠনের কর্মী সমর্থকেরা অতর্কিতভাবে আক্রমণ সংঘটিত করে। কংগ্রেস নেতা শব্দ কুমার জমাতিয়া বলেন,, তেলিয়ামুড়ার মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায় কংগ্রেস দলের পঞ্চায়েত সমিতির ২ প্রার্থী বিপ্লব সরকার এবং অশিত বিশ্বাসের উপর আক্রমণ সংঘটিত হয়েছে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ যুব মোর্চার কর্মী সমর্থকরা সম্মিলিতভাবে এই আক্রমণ সংঘটিত করেছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সাথে কংগ্রেস দলের নেতৃত্বরা কথা বলে সুবিচার প্রার্থনা করেছেন। এদিকে যুব মোর্চার কৃষ্ণপুর মন্ডল সভাপতি নির্মল দেবনাথ দাবি করেছেন, এই সমস্ত ঘটনার পেছনে যুব মোর্চার কর্মী বা সমর্থক'রা দায়ী নয়। তিনি আরো দাবি করেছেন, যুব মোর্চার কর্মী সমর্থকেরা বরাবরই সমাজ গঠনের জন্য কাজ করছেন এই প্রকারের অনভিপ্রেত কাজ কখনোই যুব মোর্চা করে না। যদিও স্বাভাবিক কারণেই নির্বাচনের প্রাক মুহূর্তে দুই রাজনৈতিক দলের মধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।